কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে এক কৃষক নিখোঁজ হয়েছেন। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনীর ডুবুরি দল ও এলাকাবাসী উদ্ধার অভিযানে অংশ নেয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া এলাকার পুরাতন ব্রহ্মপুত্রে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ কৃষক সিরাজ মোড়ল এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের মোড়ল বাড়ির বাসিন্দা এবং তিনি বাহাদিয়া নামাবাজার জামে মসজিদের মুয়াজ্জিন হিসাবে দীর্ঘ দিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।
জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে নিজের ছোট্ট কোশা নৌকা নিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপারে ঘাস কাটতে যান সিরাজ। সকাল ৯টার দিকে ঘাস কেটে নৌকাযোগে বাড়ি ফেরার সময় হঠাৎ নৌকাটি ডুবে যায়। এতে তিনি গভীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শত শত মানুষ নদীর তীরে ভিড় করেন। অনেকে ছোট নৌকা নিয়ে নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা চালান। খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে উদ্ধার কার্যক্রমে অংশ নেয়। পরে দমকল বাহিনীকে খবর দেওয়া হলে তাদের ডুবুরি দলও উদ্ধার অভিযানে যোগ দেয়। সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও বেলা সাড়ে ৩টা পর্যন্ত নিখোঁজ কৃষকের কোনো সন্ধান পাওয়া যায়নি।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। ঘটনাস্থলে পুলিশ ও দমকল বাহিনীর ডুবুরি দল পাঠানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।








