পুঠিয়ায় জুন সমন্বয়কে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ সমিতির ভূতুড়ে বিলে গ্রাহকরা অতিষ্ঠের অভিযোগ উঠেছে। বিদ্যুৎ বিলের বিষয়ে কর্মকর্তাদের অভিযোগ দিলে তারা গ্রাহককে বিভিন্ন রকম অযৌক্তিক কথাবার্তা বলে বিদায় করছে। গ্রাহকদের অভিযোগ দীর্ঘদিন বিদ্যুৎ অফিস প্রতিমাসে উলটাপালটা ভূতুড়ে বিল করে আসছে। এ নিয়ে প্রতিদিন বিল কমানো এবং সংশোধনের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে শত শত গ্রাহক জমায়েত হচ্ছেন। তারা গ্রাহকদের বিল বেশির ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না বরং খারাপ ব্যবহারের একাধিক অভিযোগ উঠেছে। জুন সমন্বয়কে কেন্দ্র করে পল্লী বিদ্যুৎ সমিতি এ মাসে ৭০-৮০ শতাংশ অতিরিক্ত বিল করে। যার ফলে গ্রাহকরা দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয় গ্রাহক সহকারী অধ্যাপক সেলিম রেজা বলেন, গত দশ মাসে তার গড় বিল ছিল ১৭০ ইউনিট। সেখানে জুন মাসে বিল এসেছে ২৯০ ইউনিট। অতিরিক্ত ১২০ ইউনিট বিদ্যুৎ বিল ৯.১০ টাকা হারে প্রদান করতে হবে। যার ফলে গ্রাহক ক্ষতির সম্মুখীন হবে। ডেপুটি জোনাল ম্যানেজার আহসানুল করিম বলেন, গ্রাহক বিদ্যুৎ বেশি ব্যবহার করলে বেশি বিল দিতে হবে। এছাড়া মিটার রিডিং গ্রহণে ভুল হতে পারে। সে ক্ষেত্রে অফিসে এসে বিল সমন্বয় করতে হবে।