রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাঁচ দিন ধরে দেশের অন্যান্য এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। টানা ভারী বর্ষণে মারিশ্যা-দীঘিনালা সড়কের একটি অংশ ধসে যাওয়ায় বৃহস্পতিবার থেকে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল।

এতে যাত্রী পরিবহন, নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং জরুরি চিকিৎসাসেবায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

খাগড়াছড়ি সড়ক বিভাগ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে মারিশ্যা-দীঘিনালা সড়কের প্রায় ২ কিলোমিটার এলাকায় সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় এখনো মেরামতকাজ শুরু করা সম্ভব হয়নি।

সড়ক বিভাগের তথ্য অনুযায়ী, মারিশ্যা-দীঘিনালা সড়কের ২, ৩, ৭, ৯ ও ১১ কিলোমিটার এলাকা পাহাড়ধসের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সড়কটি স্থায়ীভাবে সংস্কারের জন্য ইতোমধ্যে উন্নয়ন প্রকল্প প্রস্তাব তৈরি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বাঘাইছড়ি থেকে চট্টগ্রাম, ঢাকা ও অন্যান্য রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সড়কের ধসে যাওয়া অংশ প্রায় তিন ফুট নিচে নেমে গেছে। মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা সীমিতভাবে চলাচল করলেও যাত্রীদের ঠেলে পার হতে হচ্ছে।

বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন নাছির বলেন, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অসুস্থ রোগী ও জরুরি কাজে যাতায়াতকারীরা।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সড়ক বন্ধ থাকায় বাইরে থেকে পণ্য আনা সম্ভব হচ্ছে না। ফলে বাঘাইছড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের খাগড়াছড়ি বিভাগের উপসহকারী প্রকৌশলী প্রিয়দর্শী চাকমা জানান, বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি থামলে দ্রুত সাময়িক মেরামত করে যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, সড়কটির কয়েকটি অংশ দীর্ঘমেয়াদি ঝুঁকিতে রয়েছে। স্থায়ী সমাধানের জন্য বড় ধরনের সংস্কার প্রয়োজন।

The post পাঁচ দিন ধরে বিচ্ছিন্ন বাঘাইছড়ি, সড়ক ধসে বন্ধ যান চলাচল appeared first on ZoomBangla.