কার্যক্রম নিষিদ্ধ পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী আল তারিককে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত গভীর রাতে দিনাজপুরের বিরামপুর এলাকা থেকে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তাকে আদালতে হাজির করা হলে পঞ্চগড়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম সাজ্জাদ হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

 

গ্রেফতার কাজী আল তারিক পঞ্চগড় জেলা শহরের রামেরডাঙ্গা মহল্লার বাসিন্দা। তার বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে।

বিকেলে জেলা পুলিশ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, পলাতক আসামি কাজী আল তারিককে গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সফিকুল আলম/এসআর