পঞ্চগড়ের দেবীগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় উর্মী (৪) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে পৌর শহরের করতোয়া সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

উর্মী উপজেলার দেবীডুবা ইউনিয়নের দারারহাট ডাক্তারপাড়া এলাকার ক্ষিতীশ চন্দ্র রায়ের মেয়ে।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে স্ত্রী সবিতা রানী ও মেয়ে উর্মীকে নিয়ে দেবীগঞ্জের একটি ক্লিনিকে যান ক্ষিতীশ চন্দ্র রায়। চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে করতোয়া সেতুর পশ্চিম পাশে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠ মন্দির সংলগ্ন এলাকায় বিশ্রাম নিচ্ছিলেন তারা। এ সময় সবার অগোচরে উর্মী সেতুর সিঁড়ি বেয়ে মহাসড়কে উঠে পড়ে। রাস্তা পার হওয়ার চেষ্টা করলে পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়দের চিৎকারে শিশুটির বাবা-মা ঘটনাস্থলে এসে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ওসি মুসা মিয়া বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”