পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকের ধাক্কায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিন জন ইজিবাইক যাত্রী।
বুধবার দুপুরে উপজেলার নাজিরপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই দূর্ঘটনা ঘটে।
এ সময় প্রায় ২০ মিনিট ধরে মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান স্থানীয়রা। এতে মহাসড়কের দুই প্রান্তে শতাধিক যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
নিহত ইজিবাইক চালকের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের খোলাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার মৃত সামসুদ্দিনের ছেলে।
আহতরা হলেন বোদা উপজেলার থানাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান (৪৮), বেংহারী কার্জিপাড়া এলাকার সিরাজুল ইসলাম (৭০), বোদা সদর ইউনিয়নের নাসির মন্ডলহাট এলাকার বেলাল হোসেন (৫২)।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
বোদা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।








