রাজবাড়ীর পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয়ে হিজাব না পরে আসায় নবম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের অভিযোগ, ওই ছাত্রীকে পরীক্ষার হলে দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং হিজাব না পরলে পরীক্ষা দিতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়েছে।এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত শিক্ষকের নাম মোহাম্মদ আবু হেনা, তিনি ওই বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক।লিখিত অভিযোগে শিক্ষার্থীর মা উল্লেখ করেন, শিক্ষক আবু হেনা মাঝেমধ্যেই তার মেয়ের পোশাক নিয়ে কটূক্তি করেন। আজ ইসলাম শিক্ষা পরীক্ষা চলাকালে হিজাব না পরায় তিনি সবার সামনে ছাত্রীকে অপদস্থ করেন এবং দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখেন। পরে ওই শিক্ষক শিক্ষার্থীর পরিবারকে ফোন করে জানান, হিজাব না পরলে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না।অভিযোগের বিষয়ে শিক্ষক মোহাম্মদ আবু হেনা বলেন, ‘আমি হিজাব পরতে বলেছি। বিদ্যালয়ের প্রায় সব ছাত্রীই হিজাব পরে আসে, শুধু দুজন ছাড়া। আমি হিজাব পরতে পরামর্শ দিয়েছি, তবে বাধ্য করিনি।’পাংশা ইউএনও মো. রিফাতুল হক বলেন, ‘এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজনীতি
পাংশায় হিজাব না পরায় ছাত্রীকে লাঞ্ছনার অভিযোগ

শেয়ার করুন







