রাজবাড়ীর পাংশা উপজেলায় ১ম শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাট্টা ইউনিয়নে এই ঘটনা ঘটে।অভিযুক্ত ব্যক্তির নাম লুৎফর রহমান (৬০)। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা।পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে প্রতিবেশী লুৎফর রহমানের বাড়িতে ঝালমুড়ি কিনতে যায় ওই শিশু। এ সময় লুৎফর তাকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে পড়লে এবং শরীরে ব্যথা অনুভব করলে মা তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে শিশুটি বিস্তারিত জানায়। শিশুটির বুকে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে বলে স্বজনরা দাবি করেছেন।শিশুটির ফুফু বলেন, “লুৎফর আমাদের প্রতিবেশী। মেয়েটি ঝালমুড়ি কিনতে গেলে সে এই পাশবিক কাজ করার চেষ্টা করে। ভয়ে মেয়েটি প্রথমে কিছু বলতে চায়নি। পরে কান্নাকাটি করে সব জানিয়েছে। আমরা প্রথমে তাকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে চিকিৎসকদের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেছি।”এ ঘটনায় বুধবার (১ জুলাই) পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ করার প্রস্তুতি চলছে বলে পরিবার জানিয়েছে।পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুল ইসলাম বলেন, “বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”