নড়াইলের লোহাগড়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আলিনুর ফকির কুমড়ডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, নিহত আলিনুর ফকির রাতে ইতনা ইউনিয়নের কুমড়ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এসময় একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে পাওনা টাকা চাইলে আলিনুরের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাজিব ছুরি দিয়ে আলিনুরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
কাজ শেষে বাসায় ফেরার পথে যুবককে ছুরিকাঘাতে হত্যা
খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে পৌঁছে প্রাথমিক তদন্ত করে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজিব শেখ পলাতক রয়েছেন।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হাফিজুল নিলু/এসজেডএইচ/জেআইএম








