নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টায় উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজমিস্ত্রি আলিনুর ফকির রাতে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন এলাকায় অবস্থানকালে একই গ্রামের জাহাঙ্গীর শেখের ছেলে রাজিব শেখের কাছে পাওনা টাকা চান। এ নিয়ে আলিনুরের সঙ্গে রাজিবের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজিব ধারালো ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।