পপ-রক তারকা বনি টাইলার মারা গেছেন। বুধবার (৮ জুলাই) পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বনি টাইলারের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বনির মৃত্যুর খবর জানানো হয়েছে। এতে বলা হয়েছে, “বনির পরিবার ও তার টিম গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, গত রাতে পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অপ্রত্যাশিতভাবে মারা গেছেন বনি। তার অসুস্থতার চিকিৎসা চলছিল। খুব শিগগির পরিবারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানানো হবে। এই কঠিন সময়ে আমরা সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।” 

পর্তুগালের ফারো শহরে বসবাস করতেন বনি টাইলার। গত মে মাসে তার বাড়ির কাছের একটি হাসপাতালে তার অন্ত্রের অস্ত্রোপচার হয়। পরে তাকে কোমায় রাখা হয়। অসুস্থতার কারণে তার গ্রীষ্মকালীন কনসার্ট স্থগিত হয়ে যায়। জুনে কোমা থেকে ফিরলেও তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। দীর্ঘদিন নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে পরপারে পাড়ি জমালেন এই গায়িকা। 

২০১৩ সালে স্টেজ শোয়ে পারফর্ম করছেন বনি টাইলার

১৯৫১ সালের ৮ জুন ওয়েলসের স্কিউয়েন জন্মগ্রহণ করেন বনি টাইলার। তার ভালো নাম—গেইনর হপকিন্স। পরবর্তীতে ট্যালেন্ট স্কাউট রজার বেলের নজরে পড়েন বনি। তার মাধ্যমে সংগীতজগতে কাজের সুযোগ পান। ১৯৭৬ সালে ‘লস্ট ইন ফ্রান্স’ শিরোনামের একক গান দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বনি। ১৯৭৭ সালে প্রকাশিত হয় তার প্রথম অ্যালবাম ‘দ্য ওয়ার্ল্ড স্টার্টস টুনাইট’। ক্যারিয়ারের শুরুতে স্বরযন্ত্রের গিঁট অপসারণে অস্ত্রোপচার করাতে হয়েছিল তাকে। সেই অস্ত্রোপচারের পরই তার কণ্ঠে তৈরি হয় স্বতন্ত্র কর্কশতা, যা পরবর্তীতে তার পরিচয়ের অন্যতম বৈশিষ্ট্য হয়ে ওঠে। ভারী অথচ বলিষ্ঠ কণ্ঠের বনি ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’, ‘হোল্ডিং আউট ফর আ হিরো’–এর মতো গান আশির দশকে ক্ল্যাসিকে পরিণত করেছিলেন।  

আশির দশকের শুরুতে প্রযোজক ও গীতিকার জিম স্টেইনম্যানের সঙ্গে কাজ শুরু করেন বনি টাইলার। স্টেইনম্যানের লেখা ‘টোটাল ইক্লিপস অব দ্য হার্ট’ গানটি বিশ্বজুড়ে তাকে খ্যাতি এনে দেয়। প্রায় ৬০ লাখ কপি বিক্রি হওয়া গানটি ১৯৮৩ সালে যুক্তরাজ্যের পঞ্চম সর্বাধিক বিক্রীত সিঙ্গেল ছিল।  

১৯৭৬ সালে এমন লুকে ক্যামেরাবন্দি হন বনি টাইলার

একই বছর যুক্তরাষ্ট্রের বিলবোর্ড চার্টে টানা চার সপ্তাহ এক নম্বরে ছিল। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সংগীত চার্টে এক নম্বরে ওঠা প্রথম ওয়েলশ শিল্পী হন বনি টাইলার। পরের বছর স্টেইনম্যানের সহলেখা ‘হোল্ডিং আউট ফর আ হিরো’ হলিউডের জনপ্রিয় ‘ফুটলুজ’ সিনেমার সাউন্ডট্র্যাকে জায়গা করে নেয়। ১৯৮৫ সালে ‘মেট্রোপলিস’–এর পুনর্নির্মিত সংস্করণের সাউন্ডট্র্যাকেও ছিল বনির গাওয়া ‘হিয়ার শি কামস’।