বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার নতুন সিনেমা ‘ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট’-এর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। ফ্যান্টাসি অ্যাকশনধর্মী এই সিনেমা আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটির নতুন পোস্টার প্রকাশ করে মুক্তির তারিখ জানিয়েছেন সিদ্ধার্থ। পোস্টারে দেখা যায়, বাঘ, নন্দী এবং এক যোদ্ধাকে ঘিরে তৈরি হয়েছে রহস্যময় এক আবহ। এতে ইঙ্গিত মিলেছে, সিনেমাটিতে পুরাণ, প্রকৃতি, শক্তি ও কল্পনার জগতের মিশেল থাকতে পারে।

সিনেমাটির আপডেট শেয়ার করে সিদ্ধার্থ লিখেছেন, “বাঘ তার গর্জন, নন্দী তার শক্তি। আর ভ্যান… তার গল্প।” এই বার্তায় সিনেমাটির গল্পে শক্তি, পুরাণ, রহস্য ও প্রকৃতির প্রভাবের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পোস্টারেও দেখা যায়, একটি বাঘ ও নন্দীর মাঝখানে দাঁড়িয়ে আছেন শক্তিশালী এক যোদ্ধা। পুরো আয়োজন সিনেমাটির বিশাল পরিসরের ফ্যান্টাসি ও অ্যাকশনধর্মী গল্পের আভাস দিচ্ছে।

‘ভ্যান: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তামান্না ভাটিয়া, সুনীল গ্রোভার, মনীশ পাল, শ্বেতা তিওয়ারি ও অনুপ সোনি।

নির্মাতাদের দাবি, ‘ভ্যান’ ভারতীয় লোককাহিনি ও পুরাণভিত্তিক গল্পকে বড়পর্দায় নতুনভাবে তুলে ধরার একটি বড় প্রচেষ্টা। এতে ফ্যান্টাসি, অ্যাকশন, কমেডি ও অ্যাডভেঞ্চারের সমন্বয় থাকবে। আধুনিক ভিজ্যুয়াল ইফেক্ট এবং বিস্তৃত কাহিনির মাধ্যমে দর্শকদের জন্য ভিন্ন ধরনের সিনেমার অভিজ্ঞতা তৈরি করতে চান নির্মাতারা।

সিনেমাটির মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে—এমন ভারতীয় শিকড়ের গল্প তুলে ধরার লক্ষ্য রয়েছে নির্মাতাদের। 

‘ভ্যান’ প্রযোজনা করছেন শোভা কাপুর, একতা আর কাপুর, অরুণাভ কুমার ও কোঠারি। সিনেমাটি পরিচালনা করেছেন দীপক মিশ্রা। এর ভিজ্যুয়াল পরিকল্পনার দায়িত্বে রয়েছেন ছায়াঙ্কন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন বিমল দোশি।

সিনেমাটির প্রথম পোস্টারে গল্পের বিস্তারিত প্রকাশ করা হয়নি। তবে নির্মাতারা যে বিশাল পরিসরের এক কল্পনাধর্মী জগত তৈরি করতে যাচ্ছেন, তার ইঙ্গিত মিলেছে। ‘ভ্যান’ ভারতীয় লোকগল্প ও ফ্যান্টাসিকে আধুনিক প্রযুক্তির সঙ্গে মিলিয়ে নতুন ধরনের সিনেমার অভিজ্ঞতা দেওয়ার চেষ্টায় নিমগ্ন নির্মাতারা।

*মানি কন্ট্রোল অবলম্বনে