সুগন্ধি ব্যবহার করলে সারাদিন শরীর সতেজ থাকে। তাই অনেকে সুগন্ধ দীর্ঘক্ষণ ধরে রাখতে সরাসরি ঘাড়, গলা, কবজি কিংবা ত্বকের বিভিন্ন অংশে পারফিউম স্প্রে করেন। কিন্তু চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস সবসময় নিরাপদ নয়। অনেক সুগন্ধিতেই বিভিন্ন রাসায়নিক উপাদান থাকে, যা সংবেদনশীল ত্বকে অ্যালার্জি, র্যাশ এমনকি স্থায়ী কালচে দাগের কারণও হতে পারে।
পারফিউমে থাকা কিছু রাসায়নিক উপাদান ত্বকের সংস্পর্শে এসে কনট্যাক্ট ডার্মাটাইটিস সৃষ্টি করতে পারে। এতে ত্বক লাল হয়ে যায়, চুলকানি, জ্বালাপোড়া বা ছোট ছোট র্যাশ দেখা দিতে পারে। যাদের ত্বক সংবেদনশীল, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।
অনেক সময় অতিরিক্ত পারফিউম ব্যবহারের ফলে ঘাড় বা গলার ত্বকে কালচে ছোপও দেখা দিতে পারে। চিকিৎসাবিজ্ঞানে এই ধরনের ত্বকের পরিবর্তনকে অ্যাকান্থোসিস নিগ্রিকানস বলা হয়। যদিও এটির আরও বিভিন্ন কারণ থাকতে পারে, তবু সুগন্ধির রাসায়নিকও কিছু ক্ষেত্রে ত্বকের রঙের পরিবর্তনে ভূমিকা রাখতে পারে।

রোদে বের হলে ঝুঁকি আরও বাড়ে
বেশি অ্যালকোহলযুক্ত পারফিউম লাগিয়ে দীর্ঘ সময় রোদে থাকলে সমস্যা আরও বাড়তে পারে। সূর্যের অতিবেগুনি (ইউভি) রশ্মির সঙ্গে পারফিউমের রাসায়নিক বিক্রিয়া করে ত্বকের মেলানিন উৎপাদনে পরিবর্তন আনতে পারে। ফলে ত্বকে কালো দাগ, ট্যান বা অসম রঙের সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি ত্বকের স্বাভাবিক পিএইচের ভারসাম্যও নষ্ট হতে পারে। তবে ঘরোয়া কিছু উপাদান দাগ দূর করতে সাহায্য করতে পারে-
শসা-লেবুর প্যাক
রোদে পোড়া দাগ বা হালকা কালচে ভাব কমাতে শসা ও লেবুর রস উপকারী হতে পারে। একটি পাত্রে ১ টেবিল চামচ শসার রস, ১ টেবিল চামচ লেবুর রস এবং ১ টেবিল চামচ গোলাপজল মিশিয়ে নিন। তুলার সাহায্যে মুখ বা আক্রান্ত স্থানে লাগিয়ে ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। রোদ থেকে ফিরে এই প্যাক ব্যবহার করলে ত্বক কিছুটা প্রশান্তি পেতে পারে।
নিমপাতার ব্যবহার
ত্বকে র্যাশ বা অ্যালার্জি দেখা দিলে গোসলের পানিতে কয়েকটি নিমপাতা ভিজিয়ে রাখতে পারেন। আবার নিমপাতা ফুটিয়ে ঠান্ডা করা পানি তুলো দিয়ে আক্রান্ত স্থানে লাগালেও আরাম মিলতে পারে।
এছাড়া ১ চামচ নিম গুঁড়া ও পরিমাণমতো গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে গলায় ১৫ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলতে পারেন। নিমের প্রদাহনাশক ও জীবাণুরোধী উপাদান ত্বকের সংক্রমণ প্রতিরোধে সহায়ক হতে পারে।
আলু ও লেবুর রসের প্যাক
১ টেবিল আলুর রসের সঙ্গে ১ চামচ লেবুর রস মিশিয়ে নিন। তুলার সাহায্যে ট্যান বা কালো দাগের জায়গায় লাগিয়ে ২০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে কিছুটা সাহায্য করতে পারে।
আরও পড়ুন
প্রতিদিন ৫ মিনিটের যত্নে ফিরবে নখের সৌন্দর্য
পারফিউম ব্যবহারে যেসব সতর্কতা মানবেন
পারফিউম সরাসরি ত্বকে স্প্রে করার বদলে পোশাকের বাইরের অংশে বা স্কার্ফে ব্যবহার করা তুলনামূলক নিরাপদ। সংবেদনশীল ত্বক হলে আগে ছোট একটি জায়গায় পরীক্ষা করে নিন।
আরও পড়ুন
ময়লা পানিতে হাঁটার পর পায়ের যত্নে যা করবেন
পারফিউম লাগানোর পর দীর্ঘ সময় রোদে থাকলে সানস্ক্রিন ব্যবহার করুন এবং ত্বকে জ্বালা, র্যাশ বা দাগ দেখা দিলে দ্রুত ব্যবহার বন্ধ করে প্রয়োজনে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, বিউটিনাউ, হেলথলাইন
এসএকেওয়াই









