জনপ্রশাসন মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা দিতে এসে আটক হয়েছে চারজন। এরা হল-মো. মোমিনুল ইসলাম মৃদুল, মো. সোহেল রানা, মো. রোমান এবং মো. মামুন মিয়া। তাদের শাহবাগ থানায় হস্তান্তর করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো তথ্যে বলা হয়, ১৯ জুন প্রকাশিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করে মন্ত্রণালয়। পরীক্ষায় ১০৭ জনের ঠিকানায় পাঠানো হয় মৌখিক পরীক্ষাপত্র। ২৪, ২৫ এবং ২৮ মার্চ মৌখিক পরীক্ষার দিন ধার্য করে মন্ত্রণালয়। বৃহস্পতিবার পরীক্ষায় অংশ নিতে আসলে তাদের যা জিজ্ঞেস করা হয়েছে তারা তা সঠিকভাবে উত্তর দিতে পারেননি। এতে মৌখিক পরীক্ষা গ্রহণকারী কর্মকর্তাদের সন্দেহ হলে লিখিত পরীক্ষার খাতার সঙ্গে হাতের লেখা মেলানোর ব্যবস্থা করেন কর্মকর্তারা। এতে দেখা গেল লিখিত পরীক্ষার খাতার সঙ্গে হাতের লেখার কোনো মিল নেই।








