চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে ৩৬ শতাংশই অংশ নিচ্ছেন না বলে খবর বেরিয়েছে। প্রতিবছর এ পাবলিক পরীক্ষায় অনেক শিক্ষার্থী নিবন্ধন করেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশ নেন না। গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা না দেওয়ার হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। অর্থাৎ এক বছরের ব্যবধানে হারটি প্রায় ৭ শতাংশ বেড়েছে। উচ্চমাধ্যমিক পর্যায়ের মতো একটি গুরুত্বপূর্ণ ধাপে এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর অনুপস্থিতি আমাদের শিক্ষাব্যবস্থার জন্য একটি অশনিসংকেত। ধারণা করা হয়, দারিদ্র্যের কশাঘাত, পারিবারিক বিপর্যয় এবং শিক্ষাসামগ্রীর দুষ্প্রাপ্যতা অনেককে ঝরে পড়তে বাধ্য করছে। তাছাড়া সাম্প্রতিক অস্থিরতার কারণে এবং মানসিক প্রস্তুতি না থাকায় অনেকের মাঝে পরীক্ষাভীতি তৈরি হতে পারে। প্রকৃতপক্ষে কেন শিক্ষার্থীরা পরীক্ষা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তার প্রকৃত কারণ উদ্ঘাটন জরুরি। ঝরে পড়া রোধে কাউন্সেলিং, বৃত্তি প্রদান এবং শিক্ষার্থীদের পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সুযোগ ও মানসিক সাহস জোগাতে শিক্ষা মন্ত্রণালয়কে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সরফরাজ শিপন, শিক্ষার্থী, সরকারি শাহ্সুলতান কলেজ, বগুড়া