রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে র‌্যাব-১০। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এ তথ্য জানান।

তিনি জানান, নিয়মিত টহল ও অপরাধ দমন অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১০-এর সিপিসি-১ ক্যাম্পের একটি দল যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় টিভিএস, সুজুকিসহ বিভিন্ন ব্র্যান্ডের চারটি চোরাই মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান।

র‌্যাব আরও জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

টিটি/এসএনআর