ভারত ভ্রমণে পর্যটন ভিসার জন্য ফরম জমা দিতে প্রথম দিনেই ভ্রমণ প্রত্যাশীদের উপচেপড়া ভিড় ছিল। দীর্ঘ প্রায় দুবছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশিদের জন্য রোববার পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করে ভারত। ওইদিন থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়। এদিন রাজধানীর যমুনা ফিউচার পার্কে থাকা ভারতীয় ভিসা সেন্টারে ভোর থেকেই ভ্রমণ প্রত্যাশীরা ভিসা পেতে পাসপোর্টসহ প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়ে জড়ো হন।

যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে ফরম জমা দিতে দেখা গেছে সব বয়সি ভ্রমণ প্রত্যাশীকে। পুনরায় ভিসা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই।

এর আগে গত বৃহস্পতিবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে এসে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশীদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে নিয়মিত ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছিল ভারত। এরপর জরুরি প্রয়োজনে সীমিত পরিসরে মেডিকেল, বিজনেস ও স্টুডেন্ট ভিসা দেওয়া হলেও পর্যটন ভিসা পুরোপুরি বন্ধ ছিল। সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দায়িত্ব নেওয়ার পর এ অচলাবস্থা কাটল। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার আইভ্যাক কেন্দ্রে এ সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য শহরেও এটি চালু হবে বলে জানা গেছে। জানা যায়, যমুনা ফিউচার পার্ক ভিসা সেন্টারে প্রথম দিন ১ হাজার ৫৫০ জন পর্যটন ভিসার জন্য আবেদন জমা দিয়েছেন। দিনদিন এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে জানান ভিসা সেন্টার-সংশ্লিষ্ট কর্মকর্তারা।