ভৈরবে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মাসুম মিয়া নামে এক কিশোরকে বৃহস্পতিবার দুপুরে আটক করে পুলিশে সোপর্দ করছেন এলাকাবাসী। বুধবার সকালে পৌর শহরে এই ধর্ষণের ঘটনা ঘটে। জানা যায়, কিশোর মাসুম মিয়ার পাশের বাসায় ভাড়া থাকেন পাঁচ বছরের শিশুটির পরিবার। বুধবার সকালে শিশুটি অভিযুক্ত মাসুমের ভাই মাহিদের সঙ্গে খেলতে তাদের বাসায় যায়। এ সময় মাসুমের পরিবার বাসায় না থাকার সুযোগে মাসুম শিশুটিকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেয়ে মাসুমকে আটক করে পুলিশকে খবর দেয়। এ বিষয়ে শিশুটির মা বলেন, মাহিদের চিৎকার চ্যাঁচামেচিতে দৌড়ে এসে দেখি আমার মেয়ে কান্না করছে। মাসুম আমার মেয়েকে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। আমি মাসুমের বিচার চাই।
ওসি লিমন বোস জানান, খবর পেয়ে পুলিশ মাসুমকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক তদন্তে ধর্ষণের সত্যতা পাওয়া গেছে। এছাড়াও মাসুমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদেও সে ঘটনার সত্যতা স্বীকার করেছে। ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








