কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে আদিল (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৩১ আগস্ট) উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেকুয়ার চর নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আদিল ওই এলাকার মোহাম্মদ হানিফের ছেলে। উজানটিয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনেরা জানান, সকালে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় আদিল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজন মোহাম্মদ রুবেল বলেন, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় এখনো পরিবার থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।








