আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড তিন ক্যাটাগরি বা শ্রেণিতে ‘ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬’ শীর্ষক পুরস্কার পেয়েছে। দেশীয় প্রতিষ্ঠানটিকে বাংলাদেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক, সেরা ইকুইটি ক্যাপিটাল মার্কেটস (ইসিএম) হাউস ও সেরা ডেট ক্যাপিটাল মার্কেটস (ডিসিএম) হাউস হিসেবে এই পুরস্কার দেয় আন্তর্জাতিক আর্থিক সাময়িকী ফাইন্যান্স এশিয়া।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইডিএলসি জানায়, সম্প্রতি হংকংয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ স্বীকৃতি তথা পুরস্কার দেওয়া হয়। আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটির ভাষ্য, ইকুইটি ও ডেট ক্যাপিটাল মার্কেটস, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, সিন্ডিকেশন, করপোরেট অ্যাডভাইজরি, আন্ডাররাইটিং ও ট্রাস্টি সেবায় সমন্বিত সক্ষমতার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার এসেছে। বিনিয়োগ ব্যাংকিংয়ের মূল তিনটি বিভাগে এই স্বীকৃতি দেশের পুঁজিবাজারে আইডিএলসি ইনভেস্টমেন্টসের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারল্যসংকট, উচ্চ সুদের হার ও সীমিত পাবলিক ইকুইটি ইস্যুর কারণে বিদায়ী অর্থবছর দেশের পুঁজিবাজারের জন্য চ্যালেঞ্জিং ছিল। এই পরিস্থিতিতেও আইডিএলসি ইনভেস্টমেন্টস অর্থবছরের একমাত্র পাবলিক ইকুইটি ইস্যুর নেতৃত্ব দেয়। পাশাপাশি স্ট্রাকচার্ড ডেট সলিউশন, রেগুলেটরি ক্যাপিটাল গঠন এবং গ্রিন, শরিয়াহসম্মত, সিন্ডিকেটেড ও অ্যাডভাইজরি সেবায় বিভিন্ন করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানকে সহায়তা দেয়।

পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে আইডিএলসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম জামাল উদ্দিন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপে আরও গভীর ইকুইটি বাজার, শক্তিশালী ডেট ক্যাপিটাল মার্কেট, টেকসই অর্থায়ন ও প্রাতিষ্ঠানিক মূলধনের বিকাশ প্রয়োজন। তিনি আরও জানান, ফাইন্যান্স এশিয়ার এই স্বীকৃতি তাঁরা গ্রাহক, বিনিয়োগকারী, শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থাগুলোকে উৎসর্গ করেছেন।

আইডিএলসি ইনভেস্টমেন্টসের এমডি মেসবাহ উদ্দীন আহমেদ বলেন, এই তিন আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠানের সমন্বিত ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্ল্যাটফর্ম, গ্রাহক ও বিনিয়োগকারীদের আস্থা ও গুণগত সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড দেশের অন্যতম শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক। এই প্রতিষ্ঠান ইস্যু ম্যানেজমেন্ট, আন্ডাররাইটিং, পোর্টফোলিও ব্যবস্থাপনা, করপোরেট অ্যাডভাইজরি, স্ট্রাকচার ফাইন্যান্স, সিন্ডিকেশন, ট্রাস্টি সেবাসহ বিভিন্ন ইনভেস্টমেন্ট ব্যাংকিং সেবা প্রদান করে।