ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে জাকির হোসেন নামের এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে দোকান থেকে জব্দ করা প্রায় ৮০ কেজি (২ মণ) পচা মাংস জনসমক্ষে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।জানা যায়, জাকির কসাই দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও পচা মাংস বিক্রি করে আসছিলেন–এমন সংবাদের ভিত্তিতে বাগাট বাজারে বিশেষ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে এম তানজির নাঈম উপস্থিত ছিলেন।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশনা জাহান বলেন, জনস্বাস্থ্য রক্ষায় পচা ও অস্বাস্থ্যকর মাংস বিক্রির দায়ে ওই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। যারা ভেজাল ও বাসি খাদ্য বিক্রি করে মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে, তাদের বিরুদ্ধে এই ধরনের আইনি তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।\