ফরিদপুরের ভাঙ্গায় সিলেটগামী একটি নাইট কোচ পরিবহন বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন

এলেঙ্গা-রংপুর মহাসড়কের ব্যয় বাড়ছে আড়াই হাজার কোটি টাকা

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়। এতে পরিবহনের চালক-হেলপার ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জাগো নিউজকে বলেন, পরিবহনটি ১৯ জন যাত্রী নিয়ে বরিশাল থেকে সিলেট যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁচ্ছালে প্রচণ্ড বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। আহতদের মধ্যে সাতজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এন কে বি নয়ন/এমআরএম