ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।
রবিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের মশাউজান এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- উপজেলার ফুলসূতী ইউনিয়নের চকনাউডুবি গ্রামের জাহিদ মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর (২৩) এবং একই গ্রামের কাউছার মাতুব্বরের ছেলে রফিকুল মাতুব্বর।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল সাকুরা পরিবহনের একটি বাস। মহাসড়কের মশাউজান নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক ফাহিম। গুরুতর আহত অপর আরোহী রফিকুলকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রফিকুলকেও মৃত ঘোষণা করেন।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল সামদানী আজাদ জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








