শিক্ষামন্ত্রীর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ মন্ত্রী হয়েছেন। শিলং থেকে সংবিধান বিশেষজ্ঞ আসতে পেরেছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা জুলাই পথযাত্রায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সংবিধান ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সংবিধান সংস্কার কমিটি নাকি কোনো সংবিধান লিখা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বলি, যদি এটি না থেকে থাকে ২০২৬ সালের জাতীয় নির্বাচনও কোনো সংবিধানে নেই। সংবিধান অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে।’
আরও পড়ুন
মন্ত্রীর কথোপকথন ভাইরাল / ‘এরা তো ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলেই জ্বর আসবে’
তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী আপনার (স্বরাষ্ট্রমন্ত্রী) থাকার কথা ছিল শিলংয়ে, প্রধানমন্ত্রীর থাকার কথা ছিল লন্ডনে আর আপনার নেতাকর্মীর ধানক্ষেতে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মনে রাখতে হবে এই সংবিধানের বিরুদ্ধে গিয়ে ও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই ছাত্র-জনতা রাস্তায় নেমে নতুন বাংলাদেশের অভিমুখ সেট করেছেন। অত্যন্ত দুঃখের বিষয় আপনারা মানুষের বিরুদ্ধে গিয়ে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবস্থান নিয়েছেন। এর মূলত কারণ বিএনপি সরকার বুঝতে পারছে তাদের পায়ের তলে মাটি নেই।’
পদযাত্রায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমীন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক মো. তারিকুল ইসলাম অংশ নেন।
মো. আকাশ/এসআর/জেআইএম








