ফটিকছড়ি উত্তর উপজেলার কার্যালয় যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে চট্টগ্রামের ফটিকছড়িতে ঢাকা-খাগড়াছড়ি ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের তিনটি স্থানে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের হেয়াকো, বালুটিলা ও নারায়ণহাট বাজার এলাকায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে তিন ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ নেন। সড়ক অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফটিকছড়ির উত্তরাঞ্চলের মানুষ প্রশাসনিক, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সরকারি সেবা পেতে বৈষম্যের শিকার হচ্ছেন। জনগণের যাতায়াতের সুবিধা, সময় ও ব্যয় বিবেচনায় যৌক্তিক স্থানে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা সদর দপ্তর স্থাপন করা প্রয়োজন।
তারা বলেন, একটি উপজেলার মূল উদ্দেশ্য হলো জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দেওয়া। কিন্তু সদর দপ্তর যদি অধিকাংশ মানুষের জন্য দূরবর্তী ও অযৌক্তিক স্থানে স্থাপন করা হয়, তাহলে নতুন উপজেলা গঠনের উদ্দেশ্য ব্যাহত হবে। তাই জনমত, ভৌগোলিক বাস্তবতা, যোগাযোগ ব্যবস্থা ও জনসংখ্যার বিষয় বিবেচনায় সদর দপ্তরের স্থান নির্ধারণের দাবি জানান তারা।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এমআরএএইচ/এমআইএইচএস








