নিজ দলের প্রতিপক্ষ গ্রুপের হামলার আশঙ্কায় শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলম শেখ। এরপরও হামলা থেকে রেহাই পেলেন না। শনিবার প্রতিপক্ষের নেতাকর্মীরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে যায়। আলম শেখ ও তার পরিবারের দাবি, ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত অর্থের হিসাব দাবি করায় তার ওপর এই হামলা হয়েছে। তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরোকে দায়ী করেছেন। তবে হিরো এই অভিযোগ অস্বীকার করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকালে আলম শেখ নিজের বাড়ি শ্রীপুর উপজেলার করন্দি থেকে মোটরসাইকেলে মেয়ের বাড়ি যাচ্ছিলেন। পথে চর চৌগাছি গ্রামের মসজিদের সামনে পৌঁছলে তাকে পথরোধ করে হামলা চালানো হয়। দলীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়। শ্রীপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ওই অর্থ বিতরণের দায়িত্ব পান বিএনপি নেতা হিরো। তবে আমলসার ইউনিয়নে কোনো অর্থ দেননি। এ বিষয়টি নিয়ে গত ২৯ আলম শেখের ছেলে সজিব শেখ নিজের ফেসবুক পোস্টে প্রশ্ন করেন, ‘আমলসার ইউনিয়নে বরাদ্দকৃত ১ লাখ টাকার বিষয়ে কেউ কিছু জানেন নাকি?’ এতে হিরো ক্ষুব্ধ হয়ে আলম শেখ এবং তার ছেলে সজিবের ওপর হামলার নির্দেশ দেন অনুসারীদের। হুমকির পর থেকে আলম শেখ পালিয়ে বেড়াচ্ছিলেন। তার ভাষ্য, ’হুমকির মুখে আমি ও আমার ছেলে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ওয়ার্ড বিএনপি সভাপতি নুরল মণ্ডলের উপস্থিতিতে তাজু, তাফিন, রিয়াজ, লিটনসহ আরও কয়েকজনে মিলে হাতুড়ি দিয়ে পিটিয়েছে।’ অভিযুক্ত বিএনপি নেতা হিরো বলেন, আলম শেখের ছেলে অন্যায় কথা লিখেছে। তবে হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। শ্রীপুর থানার ওসি মো. শাহিন মিয়া বলেন, ঘটনা তদন্ত করা হচ্ছে। হামলার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।







