অধিকৃত পশ্চিম তীরের বীরজিট বিশ্ববিদ্যালয়ে আকস্মিক হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। সোমবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় সেনারা ক্যাম্পাসের একজন নিরাপত্তাকর্মীকে প্রহার করে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষতিসাধন করে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনারা রামাল্লার কাছে অবস্থিত ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জোরপূর্বক প্রবেশ করে। তারা পূর্ব দিক দিয়ে শারীরিক শিক্ষা অনুষদের ভবনে ঢুকে পড়ে এবং সেখানকার আসবাবপত্র ও ভেতরের জিনিসপত্র ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, এই অভিযানের কারণে শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচিতে কোনো প্রভাব পড়বে না। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সব পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ তাদের ফেসবুক পাতায় ইসরাইলি বাহিনীর ভাঙচুরের বেশ কিছু ছবিও প্রকাশ করেছে। তবে বীরজিট বিশ্ববিদ্যালয়ে ইসরাইলি বাহিনীর এই ধরনের হামলার ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে তারা এই শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা এবং ছাত্র সংগঠনের বিভিন্ন নথিপত্র ও সামগ্রী জব্দ করেছে।
ফিলিস্তিনিদের আশঙ্কা, এই ধরনের নিয়মিত হামলার মাধ্যমে ইসরাইল মূলত পুরো পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের অংশ করে নেওয়ার পথ তৈরি করছে। জাতিসংঘ প্রস্তব অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা চিরতরে শেষ হয়ে করে দিতে চায় দখলদার সেনারা।








