সিয়াটলে গত রাতে যা হলো, তা রীতিমতো অবিশ্বাস্য। যে ম্যাচটা আরেকটু হলেই চলে যেত টাইব্রেকারে, সেটার নিষ্পত্তি হয়েছে আগেভাগেই। এমন রুদ্ধশ্বাস ম্যাচে পরাজিত দলের হতাশায় পোড়াটাই স্বাভাবিক। কিন্তু সব ছাপিয়ে আলোচনায় বেলজিয়াম-সেনেগাল ম্যাচের রেফারিং। এই ম্যাচের পর কাঠগড়ায় তোলা হয়েছে ফিফাকেও।
উত্তেজনায় ঠাসা ম্যাচে ৩-২ গোলে জয়ের পর বেলজিয়াম ফুটবল দল যেখানে উল্লাসে ব্যস্ত, বিপরীত চিত্র সেনেগাল দলে। রেফারি সাইদ মার্তিনেসের বিতর্কিত সিদ্ধান্তের কারণে ম্যাচ হারার পরও আফ্রিকার দলটির প্রধান কোচ পাপে থিয়াও এবং তাঁর শিষ্যরা কোনো মন্তব্য করেননি। সংবাদ সম্মেলনে সেনেগালের সাংবাদিকেরা সমর্থকদের মতো আচরণ করতে থাকেন। এমনকি অনেকে রাগ সামলাতে পারেননি।
বিশেষ করে তিলেমান্সের ১২০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে করা গোল নিয়েই ক্ষোভ সেনেগালের। সে সময় রেফারি সাইদ মার্তিনেস বেলজিয়ামের পক্ষে পেনাল্টির বাঁশি বাজালে অধিনায়ক ইউরি তিলেমান্স করেন জয়সূচক গোল। সেনেগালের লামিনে কামারা ফাউলের অনেক সময় পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে মার্তিনেস বেলজিয়ামকে পেনাল্টি দিয়েছেন। ম্যাচ শেষে সেনেগালের এক সাংবাদিক চিৎকার করে বলেন, ‘সব সময় আফ্রিকার বিরুদ্ধে এমন ঘটনা ঘটে। ফিফা দুর্নীতিগ্রস্ত। তোমাদের এই দুর্নীতিপূর্ণ জয়ের জন্য অভিনন্দন।’ তার এই মন্তব্য প্রেস বক্সে উপস্থিতদের মধ্যে একদিকে হাস্যরস সৃষ্টি করেছে ঠিকই। একই সঙ্গে কিছুটা অস্বস্তিও তৈরি করেছে।
তিলেমান্সের শেষ মুহূর্তের ম্যাজিকে গত রাতে শেষ বত্রিশে বেলজিয়াম ৩-২ গোলের রুদ্ধশ্বাস জয় পায়। ৮৯ মিনিটে লেয়ান্দ্রো ত্রসার্দের ক্রস রিসিভ করে হেডে বেলজিয়ান অধিনায়ক তিলেমান্স করেন সমতাসূচক গোল। আর ১২০ মিনিটের পর অতিরিক্ত সময়ে গোল করে তো দলকেই জিতিয়েছেন অধিনায়ক। তবে তিলেমান্সের ৮৯ মিনিটের গোল নিয়েও বিতর্ক তৈরি করেছেন সেনেগালের সাংবাদিকেরা। তাঁদের দাবি, সেনেগালের এক ডিফেন্ডারকে গোলের বিল্ডআপের সময় ফাউল করেন বেলজিয়ান অধিনায়ক।
ম্যাচ শেষে তিলেমান্স সেনেগালের সাংবাদিকদের যুক্তি দিয়ে সব বিশ্লেষণ করেছেন। বেলজিয়ান অধিনায়ক বলেন, ‘ভুল? এটা শুধু আপনার মতামত। তবে যত দূর মনে পড়ে, শুধু স্বাভাবিকভাবেই নিজের হাত ব্যবহার করেছি। একবারের জন্য মনে হলো না যে কোনো ভুল করেছি। আর পেনাল্টির ব্যাপারে বললে সেটা একেবারেই পরিষ্কার। সে (লামিনে কামারা) আমাকে পেছন দিক থেকে ট্যাকল করেছে। এ নিয়ে সামান্যতম কোনো সন্দেহ আছে বলে মনে হয় না।’
শেষ ষোলোতে বেলজিয়ামের প্রতিপক্ষ ঠিক হয়েছে আজ সকালেই। সান ফ্রান্সিসকোতে শেষ বত্রিশের ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। সিয়াটলে শেষ ষোলোতে আয়োজকেরা খেলবে বেলজিয়ামের বিপক্ষে। ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ।








