একেই তো বলে নকআউট পর্ব। র্যাঙ্কিংয়ে তুলনামূলক পিছিয়ে থাকা দলগুলো এবারের বিশ্বকাপে শেষ বত্রিশে উঠে নিজেদের পুরোটা নিংড়ে দিচ্ছে। সিয়াটলে গত রাতে বেলজিয়াম-সেনেগাল শেষ বত্রিশের ম্যাচটার দিকেই তাকান। ২-০ গোলে পিছিয়ে থেকে দারুণভাবে ঘুরে দাঁড়াল বেলজিয়াম। বেলজিয়ান অধিনায়ক ইউরি তিলেমান্সের মনে পড়ে গেল আট বছরের পুরোনো এক ঘটনা।
বেলজিয়াম-সেনেগাল ম্যাচটিকে কেউ চাইলে ‘ইতিহাসের পুনরাবৃত্তি’ বলতেই পারেন। রাশিয়ার রোস্তভ অ্যারেনাতে ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোতে জাপান ৫২ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল। এমন অবস্থা থেকে ৩-২ গোলের জয় নিয়ে তখন কোয়ার্টার ফাইনালে উঠেছিল বেলজিয়াম। সেবার ডাগআউটে বসে থাকা তিলেমান্স এবার সেনেগালের বিপক্ষে জয়সূচক গোল করেছেন।
দুটি ম্যাচেই বেলজিয়াম ৩-২ গোলে জিতলেও তিলেমান্স সেনেগাল ম্যাচকেই এগিয়ে রাখছেন। কারণ, আট বছর আগে জাপানকে তাঁর দল প্রথম ৯০ মিনিটের মধ্যেই হারিয়ে দিয়েছিল। এবার ম্যাচের ফল এসেছে ১২০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে। সিয়াটলে সেনেগালের বিপক্ষে নাটকীয় জয়ের পর তিলেমান্স বলেন, ‘আট বছর আগে জাপানের বিপক্ষেও আমি এমন এক নাটকীয় প্রত্যাবর্তনের অভিজ্ঞতা পেয়েছিলাম, তবে তখন আমি মাঠে খেলছিলাম না। এবার আমি নিজেই মাঠে থেকে সেটি অনুভব করেছি। এটা (বেলজিয়াম-সেনেগাল ম্যাচ) আমার কাছে আরও বেশি উত্তেজনাপূর্ণ লেগেছে।’
২৪ ও ৫১ মিনিটে সেনেগালের মিডফিল্ডার হাবিব দিয়ারা এবং ফরোয়ার্ড ইসমাইলা সার গোল করে ব্যবধান ২-০ করেন। মনে হচ্ছিল প্রথম ৯০ মিনিটেই ম্যাচ জিতে তারা কাটবে শেষ ষোলোর টিকিট। কিন্তু চমকে ভরা বিশ্বকাপে কখন যে কী হয়, তা অনুমান করা কঠিন। ৮৬ মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড রোমেলু লুকাকু গোল করে ব্যবধান। এরপর সমতাসূচক গোল ৮৯ মিনিটে করেন তিলেমান্স। এই তিলেমান্সই পেনাল্টি থেকে গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেছেন।
৩-২ গোলের রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোতে উঠলেও দলের সমালোচনা করতে ছাড়েননি তিলেমান্স। বেলজিয়ান অধিনায়ক বলেন, ‘আমরা দুর্দান্ত ফুটবল খেলেছি। তবে প্রতিপক্ষের দুই গোল ভালোভাবে ঠেকাতে পারতাম। আমাদের বিষয়টি বিশ্লেষণ করতে হবে। কারণ, পরের রাউন্ডে এমন ভুল করলে বিপদ হবে।’
আট বছর আগে জাপানের বিপক্ষে যে তিলেমান্সকে বসে থাকতে হয়েছিল, এবার তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৮৯ মিনিটে সমতাসূচক গোলটি করেন হেডে। যে লেয়ান্দ্রো ত্রসার্দ আর তিলেমান্স একটু আগে মাঠের মধ্যে একে অপরের দিকে তেড়ে যাচ্ছিলেন, সেসব ভুলে এক হতে সময় নিলেন না। ত্রসার্দের চমৎকার এক ক্রস বাতাসে ভেসে এলে দূরের পোস্টে লাফিয়ে উঠে দুর্দান্ত এক হেডে গোল করেন তিলেমান্স। আর ১২০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে পেনাল্টি থেকে বেলজিয়ান অধিনায়ক জয়সূচক গোল করেছেন।
ম্যাচ শেষে তাঁর উচ্ছ্বাস যেন থামার নয়। সেনেগালকে হারিয়ে বেলজিয়ান অধিনায়ক বলেন, ‘মাঠে এমন এক উঁচু পজিশনে খেলছিলাম এবং বক্সে সুযোগ তৈরি করার চেষ্টা করছিলাম। আমরা জানতাম তাদের গোলরক্ষক উঁচু বল সামলাতে কিছুটা সমস্যায় পড়ে। আর ক্রসটিও ছিল একদম নিখুঁত। এমন পরিস্থিতিতে গোল করতে নিজের সর্বোচ্চটা দেওয়ারই চেষ্টা করবেন। দলকে সহায়তা করতে পেরে গর্বিত।’
শেষ ষোলোতে বেলজিয়ামের প্রতিপক্ষ ঠিক হয়েছে আজ সকালেই। সান ফ্রান্সিসকোতে শেষ বত্রিশের ম্যাচে বসনিয়াকে ২-০ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। সিয়াটলে শেষ ষোলোতে আয়োজকেরা খেলবে বেলজিয়ামের বিপক্ষে। ৭ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ।








