ফুলবাড়ীতে হঠাৎ বেড়েছে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা। গত এক সপ্তাহে এ রোগে কমপক্ষে ৮৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়া রোগীদের মধ্যে বেশিভাগই শিশু। এদিকে অন্যান্য রোগীসহ ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চাপ বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে শয্যা সংকটে অনেক রোগী মেঝে ও বারান্দার বিছানায় চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল সূত্র জানায়, জুন মাসের শুরু থেকেই প্রতিদিন উল্লেখযোগ্য সংখ্যক ডায়রিয়া রোগী হাসপাতালে আসলেও গত সপ্তাহ থেকে আক্রান্তের সংখ্যা বেড়েছে। শুধু হাসপাতালেই নয়, গ্রামাঞ্চলেও পেটব্যথা, পাতলা পায়খানাসহ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। সরেজমিন দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও স্থানীয় বিভিন্ন ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন এসব ডায়রিয়া আক্রান্ত রোগীরা। উপজেলার ৭টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামেই এখন ডায়রিয়া আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। উপজেলা কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন জানান, অতিরিক্ত গরম ও অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে ডায়রিয়া ও পেটের সমস্যা বাড়ছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. সাজেদুল ইসলাম সাজু জানান, তাপমাত্রা বৃদ্ধির কারণে পানিবাহিত রোগের প্রকোপ বেড়েছে।








