বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আজ মঙ্গলবার বেলা একটার কিছু আগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শিল্পীর মরদেহ নেওয়া হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। শহীদ মিনার থেকে তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। সেখানে দ্বিতীয় জানাজা হয়। এর আগে সকালে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনে বরেণ্য এই শিল্পীর মরদেহ নেওয়া হয়। বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়েছিল যাঁদের হাত ধরে, তিনি তাঁদের অন্যতম। এখানে শ্রদ্ধা নিবেদনের পর সকাল নয়টায় তাঁর প্রথম জানাজা হয়। শেষে নিজের প্রথম কর্মস্থল চারুকলা অনুষদে শ্রদ্ধা নিবেদনের পর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয় শিল্পী মুস্তাফা মনোয়ারকে।

















