সমাজকল্যাণ, নারী ও শিশুবিষয়কমন্ত্রী প্রফেসর ডা. আবু জাফর জাহিদ হোসেন বলেছেন, ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, ফ্যামিলি কার্ডই আপনার বাড়িতে পৌঁছে যাবে। গর্ভবতী নারীরা যে সরকারি সহায়তা পান বা ভবিষ্যতে পাবেন, সেই সেবাও ঘরে বসেই নিশ্চিত করা হবে। সরকারের লক্ষ্য সব ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে একটি সমন্বিত প্ল্যাটফরমের আওতায় নিয়ে আসা। শুক্রবার দিনাজপুর শহরের পৌরসভা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়েই একটি মানবিক, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে চান। আমাদের নির্বাচনি অঙ্গীকারই হচ্ছে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে মানুষের সুখে-দুঃখে রাষ্ট্র সবসময় পাশে থাকবে। মন্ত্রী বলেন, অর্থের অভাবে কেউ যেন শিক্ষা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়। সেই বাস্তবতা নিশ্চিত করতেই বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করে তুলছে। একজন সুস্থ মা মানেই একটি সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম। জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নিবন্ধন ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ও প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল এবং অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন।







