বিদায়ী ফ্যাসিস্ট সরকার এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অবহেলার কারণেই দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে এবং শিশুরা মারা যাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।আজ রোববার (২৮ জুন) সকালে নগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনকালে তিনি এই অভিযোগ করেন।নাসিক প্রশাসক বলেন, "অতীতে সরকারি উদ্যোগে নিয়মিত হামের টিকাদান কার্যক্রম পরিচালিত হলেও পরবর্তী সময়ে তা মারাত্মকভাবে ব্যাহত হয়। ফলস্বরূপ দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে এবং সংশ্লিষ্টদের অবহেলার কারণে শিশুদের মৃত্যুর মতো দুঃখজনক ঘটনাও ঘটেছে।" তিনি শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে এবং হামের জটিলতা কমাতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্বের কথা উল্লেখ করেন।এদিকে, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় প্রায় ১ লাখ ৪০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।প্রশাসক জানান, এবার সিটি করপোরেশন এলাকার ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিটির ২৭টি ওয়ার্ডের ১৪৪টি স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রসহ মোট ৩৪০টি কেন্দ্রে এই কার্যক্রম একযোগে পরিচালিত হচ্ছে। এই বিশাল কর্মযজ্ঞে প্রায় ৮০০ জন স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করছেন।সাখাওয়াত হোসেন খান আরও বলেন, "ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে, ডায়রিয়া ও রক্তশূন্যতার ঝুঁকি কমায় এবং তাদের স্বাভাবিক শারীরিক বৃদ্ধি নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।"তিনি আশা প্রকাশ করেন যে, এবার নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ হবে। তবে কোনো শিশু যদি নির্ধারিত দিনে ক্যাপসুল খাওয়া থেকে বাদ পড়ে, তবে পরবর্তী ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্র থেকে তারা এই সেবা গ্রহণ করতে পারবে বলে জানান তিনি।