স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা দরিদ্রতা থেকে মুক্তি চাই। বিগত ফ্যাসিস্ট সরকার কাজের চেয়ে বেশি চুরি করেছে। দুর্নীতি হয়েছে চরমভাবে। প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা নষ্ট হয়েছে। বিআরডিবিকে (পল্লী উন্নয়ন বোর্ড) মৃত করে রেখেছে বিগত সরকার।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উপলক্ষ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত আলোচনা সভায় তিনি এসব বলেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, কারও ওপর নির্ভর করে নিজের অবস্থার পরিবর্তন করা যায় না। নিজের কাজ নিজে করতে হবে। গ্রাম সরকার গঠন করলে নেতৃত্ব বিকশিত হবে। তৃণমূল থেকেই দুর্নীতিকে একেবারে না বলতে হবে। নিজে ঠিক থাকলে অন্যকে ঠিক করা যাবে। উন্নত বাংলাদেশ গড়তে সবাইকে কাজ করতে হবে।
এলজিআরডিমন্ত্রী বলেন, মানুষের আয়ের পথ না বাড়লে উন্নতি হবে না, বিআরডিবির মূল কাজ হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা, সংগঠিত করা এবং প্রশিক্ষণ দেওয়া। প্রশিক্ষণের মাধ্যমে উৎপাদিত পণ্য বাজারজাত করা। তিনি বলেন, বাংলাদেশ ছোট্ট দেশ। কম উন্নত। গ্রামে অনেক গরিব মানুষ। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান গ্রামীণ উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, খাল খনন করেছেন। বেগম খালেদা জিয়া আন্দোলন করে ক্ষমতায় এসে নারী শিক্ষায় কাজ করেছিলেন।
মির্জা ফখরুল বলেন, কথা ও কাজের মিল না থাকায় সামনের দিকে অগ্রসর হওয়া কঠিন হচ্ছে। এখন দেশের বিভিন্ন স্থানে যাই; দেখি, রাস্তাঘাট ভাঙা, উন্নয়ন নেই। কিন্তু এলজিআরডিতে অনেক বাজেট ছিল, সেই টাকা কই গেল? অর্থাৎ লুটপাট হয়েছে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ বছর পর দেশে ফিরেই ঘোষণা করেছেন বাংলাদেশকে পরিবর্তন করে উন্নত করতে চান। সেজন্য ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের ক্ষমতায়ন শুরু করেছেন। পরিবার থেকেই উন্নয়ন ও ক্ষমতার সমন্বয় করেছেন।
তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, ঋণ মওকুফের মতো কর্মসূচির মধ্য দিয়ে উন্নত দেশ গড়ার কাজ এগিয়ে নিচ্ছে। এজন্য দেশ গড়তে অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজেকে ভালো কাজে মনোনিবেশ করতে হবে।
মির্জা ফখরুল বলেন, বাইরের দেশ এসে আমাদের দেশকে সুন্দর করে দিয়ে যাবে না। নিজেদেরই তা করতে হবে। অতীতে ফ্যাসিস্ট সরকার আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে গেছে, আস্থার জায়গা নষ্ট করে গেছে।
সভায় সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল-উন্নত পল্লীসমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।








