‘আমার পাহাড়, আমার জীবন’ এ প্রতিপাদ্য সামনে রেখে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান এ তিন পার্বত্য জেলায় বসবাসরত পিছিয়ে পড়া ৫৪ শতাংশ বাঙালির আয়কর মওকুফ এবং বাজারফান্ড এলাকায় বন্ধ থাকা ব্যাংক ঋণ পূর্বের ন্যায় পুনরায় চালুর দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সোমবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আবদুল মজিদ। সংবাদ সম্মেলনে পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ হোসেন, সদস্য শাহাদাত হোসেন, সদস্য রবিউল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদ জেলা শাখার সভাপতি জালাল আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জেলা শাখার সভাপতি মুজাহিদুল ইসলাম, সদর উপজেলার সভাপতি রায়হান ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বান্দরবান শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান একই দাবি তুলে ধরেন। এ সময় অন্যদের মধ্যে পরিষদের বান্দরবান জেলা সভাপতি মাওলানা আবুল কালাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, নাগরিক পরিষদের যুগ্ম সম্পাদক শাহাজালাল রানা, ব্যবসায়ী মোহাম্মদ মোজাফফর, মোহাম্মদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।








