কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমান হত্যা মামলায় দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন দুই আসামি খাজা আহম্মেদ ও আসাদুজ্জামান। শুনানি শেষে বিচারক এনায়েতুল কবির তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার প্রধান আসামি খাজা আহম্মেদ কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। অপর আসামি আসাদুজ্জামান ইসলামী আন্দোলনের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি। এর আগে তারা হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন।
গত ১১ এপ্রিল পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে পীর শামীম রেজার দরবারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পীর শামীম রেজা জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানকে কক্ষ থেকে বের করে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলা চালিয়ে হত্যা করা হয়।
এর তিন দিন পর নিহতের বড় ভাই ফজলুর রহমান সান্টু বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।








