শহর এলাকায় তৈরি পোশাক খাতের কারখানার নিরাপদ ভবন নির্মাণের জন্য জাইকার অর্থায়নের গঠিত তহবিলের ঋণ বিতরণ নীতিমালা আংশিক শিথিল করা হয়েছে। এখন থেকে যেসব ব্যাংকের খেলাপি ঋণ ২০ শতাংশের বেশি নয়, তারা আলোচ্য তহবিল থেকে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করতে পারবে। আগে ১০ শতাংশের বেশি নয়-এমন ব্যাংকগুলো এই তহবিল থেকে ঋণ বিতরণ করতে পারত। ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংক এই নীতিমালা শিথিল করেছে।
এ বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক তহবিলের ঋণ বিতরণকারী ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, জাপান সরকারের বৈদেশিক সংস্থা জাইকার অর্থায়নে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে ২০১৬ সালে। এই তহবিল থেকে কম সুদে ও দীর্ঘ মেয়াদে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের নিরাপদ কর্ম পরিবেশ তৈরিতে নিরাপদ কারখানার ভবন নির্মাণের জন্য ঋণ দেওয়া হয়। এটি একটি চলমান পুনঃঅর্থায়ন তহবিল। এই তহবিল থেকে আগে যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার ১০ শতাংশে মধ্যে ছিল কেবল তারাই ঋণ বিতরণ করতে পারত। এর বেশি থাকলে পারত না।
সাম্প্রতিক সময়ে ব্যাংকগুলোতে খেলাপি ঋণ বেড়ে গেছে। ফলে অনেক ব্যাংকই এখন আর এই তহবিল থেকে ঋণ বিতরণ করতে পারছে না। এজন্য নীতিমালা শিথিল করা হয়েছে। ফলে এখন থেকে ২০ শতাংশের মধ্যে যাদের খেলাপি ঋণ রয়েছে কেবল তারাই এ তহবিল থেকে ঋণ বিতরণ করতে পারবে।
ঋণের সুদের হার ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নির্ধারিত হয়। তবে তা কোনো ক্রমেই ৬ শতাংশের বেশি নয়। ঋণ পরিশোধের ক্ষেত্রে ২ বছরের গ্রেস পিরিয়ড রয়েছে। ঋণের মেয়াদ ১০ বছর।








