পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার রঘুনাথপুর গ্রামে লিবিয়া প্রবাসীর স্ত্রীর ঘর থেকে আলিফ হোসেন (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রবাসীর স্ত্রীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে আলিফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি রঘুনাথপুর গ্রামের মৃত রইচ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লিবিয়া প্রবাসী বাদশা প্রামানিকের স্ত্রী আসমানী আক্তারের সঙ্গে একই এলাকার আলিফের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সোমবার (২০ জুলাই) রাতে দুজনের মধ্যে বিয়ে করা না করা নিয়ে কথা কাটাকাটি হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে স্থানীয় বাসিন্দারা আসমানী আক্তারের ঘরের ভেতরে আলিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেছেন, “যুবকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

তিনি জানান, আসমানী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।