প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার বরিশালে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার তিনি আসবেন বলে নিশ্চিত করেছেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। বরিশাল সফরকালে খাল খনন, বৃক্ষরোপণ ও দলীয় নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা করবেন তিনি। এদিকে তার সভা সফল করতে আজ বিকালে বরিশালে প্রস্তুতি সভা করার কথা জানিয়েছে মহানগর বিএনপি।

বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন বলেন, মঙ্গলবার বিকালে ঢাকায় বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভায় বরিশাল অঞ্চলের প্রতিনিধিদের মধ্যে বরিশাল-৬ আসনের সংসদ-সদস্য আবুল হোসেন খান, বিসিসি’র প্রশাসক বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমান এবং আমি উপস্থিত ছিলাম। প্রধানমন্ত্রী ১৩ জুলাই বরিশালে আসছেন এটা নিশ্চিত করা হলেও তার কর্মসূচি কী হবে তা আমাদের নিশ্চিত করে জানানো হয়নি। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল করতে আজ বিকালে দলীয় কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা হবে।

সভায় মহানগর কমিটির সব নেতা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে জিয়াউদ্দিন সিকদার বলেন, যতদূর জেনেছি সাংগঠনিক সভার পাশাপাশি ইমামদের নিয়েও একটি মতবিনিময় সভা করবেন তিনি। আজকালের মধ্যেই তার চূড়ান্ত সফরসূচি জানতে পারব বলে আশা করছি।