তিস্তাপাড়ের দুই কোটি মানুষ প্রধানমন্ত্রীর চীন সফরের অপেক্ষায় ছিলেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যখন চীনে গেলেন তখন আমি গ্রামের বাড়িতে ছিলাম। আমি দেখেছি, তিস্তাপাড়ের মানুষেরা এই সফরটির জন্য কতটা অপেক্ষায় ছিলেন। আমি নিজেও তিস্তার জন্য দীর্ঘদিন আন্দোলন করেছি।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন।

ত্রাণমন্ত্রী বলেন, চীন নদী ব্যবস্থাপনার জন্য বিশেষজ্ঞ। তিস্তার ছন্নছাড়া মানুষ অপেক্ষায় আছে, কখন তাদের ভাগ্যের পরিবর্তন হবে। তিস্তার জন্য দুই কোটি মানুষ ভূমিহীন হয়েছে, বাড়ি ছেড়েছে, ছন্নছাড়া হয়েছে। তিস্তা প্রকল্প বাস্তবায়নে সবার ভাগ্যোন্নয়ন হবে।

বাজেট প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাজেট একটা সরকারি কর্মকাণ্ড। বাজেট সবার ভালো লাগবে না। যেমন কারও রাত ভালো লাগে কারও দিন, কারও রোদ ভালো লাগে কারও মেঘ। আবার কেউ বলছে গরিব মারার বাজেট।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড হতদরিদ্র মায়েদের দেওয়া হলো। কৃষকদের কৃষি কার্ড দেওয়া হলো। কৃষিই আমাদের জীবন। ইমাম, পুরোহিতদের সম্মানি ভাতা দেওয়া হচ্ছে। খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন হলে গরিব কৃষকরা উপকৃত হবে। সবই গরিব মানুষের জন্য করা হচ্ছে।

গরিব মারার বাজেট—এসব গতানুগতিক কথা থেকে বেরিয়ে আসতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

এমওএস/এমকেআর