দিনের ভোট রাতে করাসহ কয়েকটি অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপির করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ রুল জারি করেন। সংশ্লিষ্টদের আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

দিনের ভোট রাতে করায় সাবেক ৩ সিইসিসহ ২৪ জনের নাম উল্লেখ করে ২০২৫ সালের ২২ জুন মামলাটি করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। ওই মামলায় হাবিবুল আউয়ালকে ওই বছরের ২৫ জুন রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ।

কাজী হাবিবুল আওয়ালের পক্ষে ছিলেন—জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক, এস এম শাহজাহান ও সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল ফয়সাল সিদ্দিকী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ছফওয়ান।