বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পিরোজপুরে প্রাণ-আরএফএল গ্রুপের চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এতে ২০০ জনকে নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি। দ্য পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৭ জুন) পিরোজপুর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়।

চাকরি মেলার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্য পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

মেলায় দেশের বিভিন্ন ফ্যাক্টরি, ডিপো, মার্কেট সেলস ও শোরুম সেলস বিভাগে জনবল নিয়োগের লক্ষ্যে আবেদন গ্রহণ ও সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। সেলস রিপ্রেজেন্টেটিভ, সেলস এক্সিকিউটিভ, ট্রেইনি শোরুম ম্যানেজার, সিকিউরিটি গার্ড এবং ড্রাইভার পদে প্রার্থী বাছাই কার্যক্রম পরিচালিত হয়।

চাকরিপ্রত্যাশী সাগর শেখ বলেন, পিরোজপুরে শিক্ষার হার বেশি। একই দিকে বেকারত্ব প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে। আমিও বেকার, আমার মাস্টার্স শেষ। আমি এখানে অংশগ্রহণ করতে এসেছি। যদি ভালো কিছু হয়।

আরেক নারী চাকরিপ্রত্যাশী ইসরাত জাহান বলেন, জেলায় বসে এত বড় আয়োজন হয়েছে, আমাদের বাইরে যেতে হয়নি। যদি আমাদের চাকরি এই জেলায় হয় তাহলে তো সবদিক থেকেই সুবিধা আমাদের জন্য। যাতায়াতে সুবিধা। চাকরির জন্য অনেক দুশ্চিন্তায় আছি, যদি এখানে চাকরি হয় তাহলে বাবা-মা অনেক খুশি হবে।

চাকরিপ্রত্যাশী রায়হান শেখ বলেন, ‘আমি এখানে চাকরির জন্য এসেছি। এখানের আয়োজনটা খুব ভালো লাগছে। আরএফএল কোম্পানি একটি স্বনামধন্য কোম্পানি। আজ এখান থেকে অনেকের কর্মসংস্থান হবে, অনেকের ভাগ্য খুলবে।’

গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, আগে দেখতাম চাকরি মানেই ঘুস, কিন্তু এখানে এক টাকাও ঘুস লাগবে না। মেধা, আপনাদের দক্ষতা, আপনাদের স্মার্টনেসের ওপর ভিত্তি করে আজ এখানে চাকরি হবে। আমাদের মূল লক্ষ্য এই আয়োজনের মাধ্যমে বেকারত্ব দূর করা।

জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, চাকরি শুধু অর্থনৈতিক সচ্ছলতা নয়, আপনার আত্মসম্মান, আত্মমর্যাদা এবং সুনাগরিক হিসেবে বেঁচে থাকার প্রত্যয়, সেখানে আপনাকে একটি চাকরি স্বয়ংসম্পূর্ণ করবে।

প্রাণ-আরএফএল গ্রুপের এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার আলামিন শেখ বলেন, ৫০০’র বেশি চাকরিপ্রত্যাশী রয়েছে। এখানে আমরা মোটামুটি এক্সপেক্টফুল রেজাল্ট পেয়েছি। ২০০ জনকে চাকরি দেবো। যারা এখান থেকে চাকরি পাবেন না তারা মনোবল হারাবেন না। চাকরির আরও সুযোগ আসবে।

মো. তরিকুল ইসলাম/এনএইচআর/এমএস