জেলে সম্প্রদায়সহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকে নিজের অঙ্গীকার বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য (এমপি) সাঈদ আল নোমান।

শুক্রবার (২৬ জুন) বিকেলে নগরীর হালিশহরের রাণী রাসমণি ঘাটে স্থানীয় জেলে সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এমপি সাঈদ আল নোমান বলেন, বর্তমান সরকার শোষিত-বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে। চলতি অর্থবছরের বাজেটেও নারী, শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর টেকসই উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের জেলে সম্প্রদায়ের সামগ্রিক জীবনমানের ইতিবাচক পরিবর্তন ঘটবে এবং চট্টগ্রামের জেলেরা এর সুফল সবার আগে পাবেন।

আরও পড়ুন

রাজস্ব খাত সংস্কারে সরকারের ১২ উদ্যোগ, বাড়বে করজাল ও ডিজিটাল সেবা

মতবিনিময় সভায় তিনি কয়েকশ জেলে পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ দিয়ে শোনেন।

জেলেদের আশ্বস্ত করে সাঈদ আল নোমান বলেন, এক বছরের মধ্যে জেলে সম্প্রদায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল পাবে। জেলে পরিবারের সন্তানদের শিক্ষা ও চিকিৎসাসেবার কথা বিবেচনায় নিয়ে হালিশহরে একটি সরকারি হাসপাতাল ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের দাবি সংসদে উত্থাপন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ডিও লেটার পাঠানোর কথাও জানান তিনি। পাশাপাশি রাণী রাসমণি ঘাটের উন্নয়নের আশ্বাস দেন।

আরও পড়ুন

শনিবারও ৩ জেলায় চলবে তাপপ্রবাহ, দেশজুড়ে হতে পারে বৃষ্টি

চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে এ সংসদ সদস্য বলেন, কাউকে কোনো ধরনের চাঁদা দেওয়ার প্রশ্নই আসে না। চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। অপরাধী যেই হোক, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জেলে সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/কেএসআর