দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তিনি বলেন, “কৃষকদের কল্যাণ নিশ্চিত করা এবং তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকার নিরলসভাবে কাজ করছে।”

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদ ভবনে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১১ সদস্যের একটি প্রান্তিক কৃষক প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে কৃষক প্রতিনিধিরা হারভেস্টার সরবরাহ, সার ও উন্নতমানের বীজের সহজলভ্যতা, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভর্তুকি ও কৃষিঋণের সুযোগ বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

পাশাপাশি এলাকার রাস্তা, সেতু-কালভার্ট নির্মাণ, নদীভাঙন রোধ, মাদকমুক্ত সমাজ গঠন এবং কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রাপ্তির বিষয়েও ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

জবাবে ডেপুটি স্পিকার বলেন, “আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। সততা ও নিষ্ঠার সঙ্গে আপনাদের এবং দেশের সেবা করতে চাই। কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন।”

তিনি জানান, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, উন্নতমানের বীজ ও সার সরবরাহ, সেচ সুবিধা সম্প্রসারণ, কৃষি প্রণোদনা এবং সহজ শর্তে কৃষিঋণ প্রদানের মাধ্যমে কৃষিকে আরো উৎপাদনশীল ও লাভজনক করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

এ সময় তিনি এলাকার অবকাঠামো উন্নয়ন, নদীভাঙন রোধ এবং কৃষকদের বিভিন্ন দাবির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর কৃষি সম্প্রসারণ এবং কৃষকদের সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

পরে কৃষক প্রতিনিধিদলের সদস্যরা তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার জন্য ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়ন ও কৃষকদের সমস্যা সমাধানে তার সহযোগিতা কামনা করেন।