প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে যোগ্যদের প্রাপ্য জায়গা নিশ্চিত করা হবে এবং বৈষম্য চলতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার সিলেটের মেন্দিবাগে জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ সিলেট জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম উজ্জ্বল দৃষ্টান্ত। দেশ আমাদের সবার এবং আমরা সবাই বাংলাদেশি। তাই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে। কোনোভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের সুযোগ দেওয়া যাবে না এবং দল-মতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সম্মেলনে উত্থাপিত প্রশাসনের প্রতিনিধিত্ব ও সুনামগঞ্জের সাম্প্রতিক ঘটনাসহ বিভিন্ন দাবি-দাওয়ার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এসব বিষয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করা হবে এবং প্রয়োজন হলে স্বরাষ্ট্র ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করা হবে। নির্বাচনি এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমার নির্বাচনি এলাকায় আটটি মন্দির ও চারটি শ্মশানঘাটের সংস্কারকাজ চলছে, যা আগামী সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে এবং জয়ন্তিয়া রাজবাড়িকে জাদুঘরে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সিলেট জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন চন্দ্র ঘোষের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, উপদেষ্টা জয়ন্ত সেন দীপু, সহসভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার, সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা এবং সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু।








