প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বিশ্বমানের প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার সমন্বিত ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এজন্য নতুনভাবে কারিকুলাম পুনর্বিন্যাস, প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষসহ বড় সংস্কার আনা হচ্ছে। সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে আগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা ও শেখার ঘাটতি দূর করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ, কারিকুলাম পুনর্বিন্যাস, শিক্ষক উন্নয়ন নীতিমালা এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে একযোগে কাজ চলছে। তিনি বলেন, রাজধানীর সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো আধুনিকায়নের লক্ষ্যে চলমান ‘দৃষ্টিনন্দন’ প্রকল্পের আওতায় কোথায় কী ধরনের ঘাটতি রয়েছে-তা সরেজমিন মূল্যায়ন করা হচ্ছে। প্রতিমন্ত্রী বিদ্যালয় পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে গল্প ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে তাদের শেখার অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেন, কিছু শিক্ষার্থী নির্দিষ্ট বিষয়ে পিছিয়ে রয়েছে। তাদের প্রতি বিশেষ নজর দিতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান কারিকুলাম আরও সহজ, কার্যকর ও শিক্ষার্থীকেন্দ্রিক করে পুনর্বিন্যাস করা হচ্ছে। একই সঙ্গে একটি সমন্বিত শিক্ষক নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে চলছে। এই নীতিমালায় শিক্ষকদের প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন এবং উপজেলা ও জেলাপর্যায়ের প্রশিক্ষণ কাঠামো অন্তর্ভুক্ত করা হচ্ছে।