দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে আটকে থাকা ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক পদের নিয়োগ প্রক্রিয়ায় সব আইনি বাধা কেটে গেছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি শেষে আপিল বিভাগ এই ঐতিহাসিক রায় প্রদান করেন।​আপিল বিভাগের এই চূড়ান্ত রায়ের ফলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি পুরোদমে এগিয়ে নিতে আর কোনো আইনি জটিলতা রইল না।​এর আগে, দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম গতিশীল করতে এবং প্রধান শিক্ষকের তীব্র সংকট দূর করতে ৩২ হাজার ৫০০ পদে নিয়োগের একটি বড় উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের স্থগিতাদেশের কারণে দীর্ঘদিন ধরে এই বিশাল নিয়োগ প্রক্রিয়াটি আটকে ছিল।​সম্প্রতি এক বক্তব্যে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহসনুল হক মিলন এই সংকটের কথা উল্লেখ করে জানিয়েছিলেন, আইনি জটিলতার কারণেই উদ্যোগটি বাস্তবায়ন করা যাচ্ছিল না।​আজকের এই রায়ের পর সংশ্লিষ্ট মহলে স্বস্তি ফিরে এসেছে। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া শেষ হলে প্রাথমিক শিক্ষা খাতের বর্তমান সংকট অনেকটাই কেটে যাবে।​