দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ লক্ষ্যে দেশের সব সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, চিকিৎসাসেবার গুণগত মান নিশ্চিত করতে প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শয্যাসংখ্যা অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত রাখা বাধ্যতামূলক। বিশেষ করে ৫০ শয্যার একটি হাসপাতালে প্রতি শিফটে ন্যূনতম পাঁচজন মেডিকেল অফিসার উপস্থিত থাকতে হবে। অর্থাৎ প্রতি ১০ শয্যার বিপরীতে অন্তত একজন মেডিকেল অফিসারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে সিভিল সার্জনদের জেলার সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক থেকে প্রতি মাসে চিকিৎসকদের ডিউটি রোস্টার সংগ্রহ করতে বলা হয়েছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসকদের নাম, বিএমডিসি নিবন্ধন নম্বর এবং মোবাইল ফোন নম্বরসহ তথ্যসংবলিত তালিকা প্রতি মাসে সিভিল সার্জনের কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিতে বলা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, প্রাপ্ত তথ্য ও ডিউটি রোস্টারের ভিত্তিতে নিয়মিত যাচাই-বাছাই এবং আকস্মিক পরিদর্শন পরিচালনা করতে হবে।








