কিশোরগঞ্জের ভৈরবে শিশুর সাইকেল চালানোকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর বাঁশের আঘাতে রেহানা বেগম লিলি (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত রেহানা বেগম লিলি দক্ষিণপাড়া এলাকার হাজী ধন মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। তার স্বামী মৃত সুরুত আলী মিয়া। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত জাহাঙ্গীর মিয়া একই এলাকার আনু মোল্লা বাড়ির বাসিন্দা এবং স্থানীয় একটি মসলার মিলে চাকরি করেন। তার স্ত্রী রিমা বেগম সৌদি প্রবাসী। গত দুই মাস আগে তার স্ত্রী দেশে আসেন। তাদের পাঁচ বছরের আলিপ নামের একটি সন্তান রয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নিহত বৃদ্ধা রেহানা বেগম লিলি ঘরের সামনে উঠান ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় প্রতিবেশী জাহাঙ্গীর মিয়ার ছেলে সাইকেল চালাচ্ছিলো। তখন সাইলেকের চাকাটি বৃদ্ধার পায়ে একাধিক বারে উঠিয়ে দেয়।
পরে বৃদ্ধা বাচ্চাকে ধমক দেন। এ নিয়ে দুই পক্ষে মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহাঙ্গীর মিয়া ও তার স্ত্রী বৃদ্ধা রেহানা বেগমের ঘরে হামলা চালায় ও তাকে বাঁশ দিয়ে পিঠায়। তখন বৃদ্ধা মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারে সদস্যরা খবর পেয়ে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজীবুল হাসান/কেজে/এএসএম








