কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদ নেতা আনোয়ারুল কবির টুটুল ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা শহরের গোডাউন মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে গোডাউন মোড় এলাকার একটি চায়ের দোকানে বসে কথা বল‌ছিলেন আনোয়ারুল কবির। এ সময় কয়েকটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে তার ওপর হামলা চালায়। চাইনিজ কুড়াল দিয়ে তার মাথায় কোপ দেওয়া হয়। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই তিনি ঢাকায় চলে যান।

এর আগে গত ২৯ জুন নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাংগঠনিক কার্যক্রম ও দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আনোয়ারুল কবির টুটুল। তিনি ভেড়ামারা উপজেলা জাসদের সদস্য, যুব জোটের সহ-সভাপতি এবং কেন্দ্রীয় যুব জোটের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পদত্যাগের ঘোষণার কয়েক সপ্তাহের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল বলেন, নওদাপাড়া এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ, চাঁদগ্রাম এলাকার সিজারসহ কয়েকজন তাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করা হয়। হামলার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়।

আরও পড়ুন

মেয়েকে বাঁচিয়ে আর ফেরা হলো না বাবার

তিনি আরও বলেন, হামলার সময় তার সঙ্গে থাকা দুলাল ও নুরু নামের দুই ব্যক্তিও আহত হয়েছেন। জাসদ করে রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়ানো যাবে না জা‌নিয়ে বৃহস্প‌তিবার রাতেও সোহাগ হুম‌কি দিয়েছিলেন। দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে অভিযোগের বিষয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ এইচ এম আল হোসাইন সোহাগ বলেন, সম্পর্কে আমরা মামা-ভাগ্নে। তার সঙ্গে ভালো সম্পর্ক আমার। তিনি যে অভিযোগ এনেছেন তা সত্য নয়। আমি একটি দায়িত্বশীল পদে থেকে এমনটা কেন করতে যাবো। আর তিনি কেন এমন অভিযোগ করছেন, বুঝতে পারছি না।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে গুলির কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আল-মামুন সাগর/এনএইচআর/এএসএম